আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবজাতকদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিটি তাদের অনুসন্ধান প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে। একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক তদন্ত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে। এদিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং হাসপাতালের সেবার মান, ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়।

ঘটনার পরপরই কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও তিন সদস্যের একটি পৃথক তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখতে।

এ ছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ কোনো ত্রুটি, অবহেলা বা ব্যবস্থাপনাগত দুর্বলতা ছিল কি না তা যাচাইয়ের জন্য আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত ওই কমিটি ইতোমধ্যে তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন জমা এবং স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর মৃত্যুর প্রকৃত কারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর মতো স্পর্শকাতর ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।