
যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে হামলার সময় বহরে থাকা এনসিপির যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অন্যান্য নেতারা নিরাপদ রয়েছেন।
ঘটনার পর দুপুর ১টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সীমান্ত এলাকায় গিয়ে তিনি ও তার প্রতিনিধি দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।”
হামলার বিষয়ে তিনি লেখেন, “ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।”
সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।”
জানা গেছে, সীমান্তে কথিত ‘পুশ-ইন’ ইস্যুতে একটি প্রতিনিধি দল নিয়ে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে ফেরার পথে বেনাপোল বাজার এলাকায় তাদের বহরে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
আপনার মতামত লিখুন :