
আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বৈঠকে রাজধানী ও আশপাশের অন্যতম দীর্ঘস্থায়ী সমস্যা ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ মন্ত্রী জানান, ২০১৬ সালে শুরু হওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এখনো পুরোপুরি সুফল পাওয়া যায়নি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে বিদ্যমান রয়েছে।
এই বাস্তবতায় সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এতে স্থানীয় প্রশাসনের সরাসরি তদারকিতে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
পানি সম্পদ মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবার ডিএনডি এলাকার উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমও সিটি করপোরেশন দেখভাল করবে, যা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে অতিরিক্ত ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ নির্মাণের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে দ্রুতই নতুন প্রকল্পের কাজ শুরু হবে।
সরকারের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং স্থানীয় বাসিন্দারা বড় ধরনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
আপনার মতামত লিখুন :