সাবেক পাঁচবারের সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সাবেক পাঁচবারের সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

ঢাকার পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। পরে সকালে হাসপাতাল থেকে মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।

এ কে এম রহমতুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি দীর্ঘদিন প্রভাবশালী ভূমিকা পালন করেন।

স্কয়ার হাসপাতালের এক কর্মকর্তা জানান, সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং পরে পরিবার মরদেহ নিয়ে যায়। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে এমপি হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুসারীরা তাকে একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠক হিসেবে স্মরণ করছেন।