
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও নির্বাচনের পর তাকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত, চীন ও মালয়েশিয়া।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠান। একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তাকে কুয়ালালামপুর সফরের আহ্বান জানান। পরবর্তীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকেও বেইজিং সফরের আমন্ত্রণ আসে।
তবে এসব আমন্ত্রণের মধ্যে প্রথম সরকারি বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকেই নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তার কুয়ালালামপুর সফরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করে একটি চিঠি পাঠিয়েছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।
এদিকে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি ও আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
আপনার মতামত লিখুন :