শেষ মুহূর্তের গোলে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
শেষ মুহূর্তের গোলে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে ভারত সফরে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল আরও এক ধাপ এগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৩ জুন) ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নেপাল। ম্যাচের ২২তম মিনিটে গীতা রানার গোলে এগিয়ে যায় তারা। দীপা শাহীর কর্নার থেকে আসা বল বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার পাঞ্চ করে বিপদমুক্ত করতে চাইলে বলটি ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা রানার কাছে চলে আসে। সুযোগ কাজে লাগিয়ে চিপ শটে বল জালে জড়ান তিনি।

গোল হজমের পর কিছুটা চাপে পড়ে গেলেও দ্রুতই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে ঋতুপর্ণা চাকমা এক অবিশ্বাস্য ‘অলিম্পিক গোল’ করে দলকে সমতায় ফেরান। সরাসরি কর্নার থেকে নেওয়া তার বাঁকানো শটটি নেপালের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

ম্যাচের শুরু থেকেই নেপাল বাংলাদেশকে চাপে রাখলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফেরে বাংলাদেশ। গোলরক্ষক মিলি আক্তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। বিশেষ করে ৩৫তম মিনিটে তার দারুণ এক ডাইভিং সেভ নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করে।

নির্ধারিত সময়ে আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে নাটকীয় মুহূর্তে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন সাগরিকা। তার করা গোলেই নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপার আর এক ধাপ দূরে দাঁড়িয়ে এখন তারা।