‘লুটপাটকারীকে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফল ভালো হবে না’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
‘লুটপাটকারীকে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফল ভালো হবে না’

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পলাতক, ফ্যাসিস্ট ও লুটপাটকারী হিসেবে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে জোরপূর্বক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসানোর চেষ্টা করা হলে এর ফল ভালো হবে না। তিনি এ বিষয়ে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারধারীই ব্যাংকের মালিক। তাই একটি শক্তিশালী ও সমৃদ্ধ ব্যাংক দখলের চেষ্টা হলে গ্রাহকেরা চুপ করে থাকবে না। প্রয়োজনে সাধারণ গ্রাহক হিসেবেই তিনি নিজেও রাজপথে নামতে পারেন বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ার দাবি করা হলেও বাস্তবে জনগণ ভালো নেই। তার ভাষ্য অনুযায়ী, শিশু নির্যাতন, হত্যা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলীয় লোকজন বসানো হচ্ছে এবং জনগণের সমস্যা সমাধানে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গেও সরকারের অবস্থানকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন।

জামায়াত আমির আরও বলেন, দেশে ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং কিছু ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত তুলতে পারছেন না। তিনি অভিযোগ করেন, সমৃদ্ধ ব্যাংকগুলো দখলের চেষ্টা চলছে এবং রাতের আঁধারে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, এক মাসের ব্যবধানে পুনরায় দাম বাড়ানো জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।