
রাতের মধ্যে দেশের ৯টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বুধবার (৩ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে পৃথক আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যা কিছু এলাকায় চলমান থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় আবহাওয়াবিদরা ঝড়-বৃষ্টি চলাকালে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :