মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে খাটো করার কোনো সুযোগ নেই। কেউ মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করলে প্রয়োজনে আরেকটি গণ-অভ্যুত্থান হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (৩ জুন) সোনাইমুড়ী উপজেলার নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তিনি দাবি করেন, স্বাধীনতার ঘোষকের পরিবারের উত্তরাধিকার বহন করায় তারা গর্বিত।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব, পরিচয় ও স্বাধীনতার ভিত্তি। এ ইতিহাসকে অস্বীকার বা অবমূল্যায়নের কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের রাজনৈতিক উত্তরসূরিদের কিছু বক্তব্য নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের ধারাবাহিকতার মধ্য দিয়েই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এতে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল বলে তিনি উল্লেখ করেন।

ইশরাক হোসেনের মতে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকা উচিত। তিনি অভিযোগ করেন, অতীতে একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, আবার বর্তমানে অন্য একটি পক্ষ গণ-অভ্যুত্থানের অর্জনকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, মুহাম্মদ শফিকুল ইসলাম এবং এ.টি.এম. মোশারেফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।