মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম সচিবকে পদ থেকে সরানো হলো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম সচিবকে পদ থেকে সরানো হলো

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়েছে, তাকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার সূত্রপাত গত ৩১ মে রোববার। ওইদিন রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচে যায় এবং সেখানে পোকাও দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসাটি ছিল অপরিচ্ছন্ন ও অগোছালো, এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তবে বাসার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। তিনি আরও জানান, নিহত নারীর এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

বৃদ্ধা মায়ের এমন মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সন্তানদের দায়িত্বহীনতা ও অবহেলা নিয়ে তীব্র সমালোচনা চলছে। এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।