বেড়ে গেল বিদ্যুতের দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
বেড়ে গেল বিদ্যুতের দাম

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ গ্রাহকদের ওপর বিদ্যুৎ ব্যয়ের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘোষণা অনুযায়ী, পাইকারি বিদ্যুতের ইউনিটপ্রতি দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ থেকে ৬ মে পর্যন্ত বিইআরসিতে বিদ্যুতের পাইকারি, খুচরা দাম এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন জানায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী বিভিন্ন সংস্থা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ বিভিন্ন সংস্থা আলাদা আলাদাভাবে মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়।

তবে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তাদের অভিযোগ ছিল, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

এরপর বিইআরসির কারিগরি কমিটি বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব আংশিক গ্রহণ করে গড়ে প্রতি ইউনিটে ১ টাকা ২৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির সুপারিশ করে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এবার নতুন এই সমন্বয়ের ফলে বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার প্রভাব সাধারণ গ্রাহক থেকে শুরু করে শিল্প খাত পর্যন্ত পড়বে বলে ধারণা করা হচ্ছে।