
মঙ্গলবার (২ জুন) এক প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান জানান, জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ায় তিনি টেলিফোনে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। একই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার কথা হয়েছে। তারা উভয়েই জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরবেন ড. খলিলুর রহমান।
শায়রুল কবির খান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো মর্যাদাপূর্ণ পদে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি মনে করেন, এ অর্জনের পেছনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে এই সাফল্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের নেতৃত্বে একজন বাংলাদেশির দায়িত্ব গ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. খলিলুর রহমান সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি লাভ করেন ৯৯টি ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৯১টি ভোট।
এই বিজয়ের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ড. খলিলুর রহমানের এই সাফল্যে রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। সংশ্লিষ্টরা তার সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা ও দোয়া কামনা করেছেন। দেশের কূটনৈতিক ইতিহাসে এ অর্জন নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :