বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। থার্মোমিটারে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রিরও বেশি মনে হচ্ছে। ফলে বাইরে বের হওয়া মানুষের জন্য চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ অবস্থার মধ্যেই বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, চলমান গরমের তীব্রতা আরও এক থেকে দুই দিন স্থায়ী হতে পারে। তবে এর মধ্যে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। আগামী ৫ জুনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ঢাকায় আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন পরিবর্তন নাও হতে পারে। তবে ৫ জুনের পর আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।

নদীবন্দরের জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।