বিদ্যুতের নতুন দাম ঘোষণা আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
বিদ্যুতের নতুন দাম ঘোষণা আজ

দেশে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার আজ বুধবার (৩ জুন) ঘোষণা করা হবে। বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংস্থা বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানির আলোচনার ভিত্তিতে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আজ প্রকাশ করা হবে।

বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার পরিবর্তনের আবেদন করে। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব জমা দেয়।

গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলো ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির দাবি জানায়। প্রস্তাব অনুযায়ী, পিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি তাদের পর্যালোচনায় বিদ্যুতের খুচরা মূল্য গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। কমিশনের চূড়ান্ত ঘোষণার পরই নতুন মূল্যহার কার্যকর হওয়ার বিষয়ে বিস্তারিত জানা যাবে।