
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এটিএম শাফায়াত সামস রকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর ও মো. মমিন উদ্দিন।
বক্তারা তামাক ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, তামাক সেবন মানবদেহে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায় এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে কাজ করে। তামাকের ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচারণা এবং আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :