
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা বিভিন্ন বয়সী মানুষের কাছে মাদক সরবরাহ করতেন এবং বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়ার এলাকার মো. নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মো. তামিম, শ্রী অনন্ত, নজরুল এবং মাহবুব আলম।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অংশ নেন সিনিয়র এসআই মো. আসাদ, মো. শরিফুল হোসেন, মো. গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা এবং এএসআই মো. হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিনসহ অন্যান্য পুলিশ সদস্য।
ওসি হাফিজ মো. রায়হান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকাবাসীর আশা, মাদকবিরোধী এমন ধারাবাহিক অভিযান চলতে থাকলে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
আপনার মতামত লিখুন :