নকিপুর–দেবালয় সড়কে নতুন প্রাণ, স্থানীয় উদ্যোগে স্বস্তিতে এলাকাবাসী


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
নকিপুর–দেবালয় সড়কে নতুন প্রাণ, স্থানীয় উদ্যোগে স্বস্তিতে এলাকাবাসী

শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নকিপুর ও দেবালয় গ্রামের মধ্যবর্তী দীর্ঘদিনের অবহেলিত সড়কটি এখন নতুনভাবে সচল হতে শুরু করেছে। সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক এবং মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পুর উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বছরের পর বছর ধরে অযত্নে পড়ে থাকা এই সড়কটি স্থানীয়দের জন্য ছিল চরম ভোগান্তির কারণ। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত, ফলে মানুষসহ গবাদিপশুর চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হতো। এতে নিত্যদিনের জীবনযাত্রায় চরম দুর্ভোগ সৃষ্টি হতো।

এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজে এগিয়ে আসেন জহুরুল হক আপ্পু। তার উদ্যোগে কাজ শুরু হলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থায় ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করে।

কাজ চলাকালীন সময়েও তিনি সরেজমিনে উপস্থিত থেকে অগ্রগতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের মতামত গ্রহণ করেন, যাতে উন্নয়ন কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।

তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। এলাকার উন্নয়ন ও জনগণের সুবিধার জন্য আমি সবসময় তাদের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবলুর রহমান বাবলু, সাবেক ছাত্রনেতা আল হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগী ও জনবান্ধব নেতৃত্বই এলাকার বাস্তব সমস্যার সমাধান করতে পারে। তারা জহুরুল হক আপ্পুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।