দেশে ফিরেছেন ২১৩৪৩ বাংলাদেশি হজযাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
দেশে ফিরেছেন ২১৩৪৩ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন।

বুধবার (৩ জুন) পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন। হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬ হাজার ২৩৭ জন, সৌদি এয়ারলাইনস ৭ হাজার ৩৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হজযাত্রীকে দেশে পৌঁছে দিয়েছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৫১ জন হজযাত্রী সৌদি আরব ত্যাগ করেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জন ইন্তেকাল করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারিত ছিল। হজযাত্রীদের সৌদি আরবগামী ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

হজযাত্রীদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ২৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ৮০০টি সেবা প্রদান করা হয়েছে।

এ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৪৯ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৩২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরা কার্যক্রম শেষ হবে।