
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী বৃহস্পতিবার (৪ জুন) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি।
সফরের শেষ দিন আগামী ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বিদ্যমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে বিশেষ আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। ফলে হাকান ফিদানের এবারের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরকালে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তারই ধারাবাহিকতায় এ সফরের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, হাকান ফিদানের এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে নতুন উদ্যোগ ও সমঝোতার সম্ভাবনা নিয়ে উভয় দেশ আশাবাদী।
আপনার মতামত লিখুন :