টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


​টুঙ্গিপাড়া প্রতিনিধি, জসিম মুন্সী  প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় টুঙ্গিপাড়ার কুশলি ইউনিয়নের নিলফা বাজার এলাকায় থ্রী স্টার অর্গানাইজেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নিলফা বাজার থ্রী স্টার অর্গানাইজেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় র‍্যালিটি নিলফা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে থ্রী স্টার অর্গানাইজেশনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তামাক ও নিকোটিনের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। বক্তারা বহুজাতিক তামাক কোম্পানিগুলোর প্রলোভনমূলক প্রচারণার বিরুদ্ধে তরুণ সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন।

বক্তারা বলেন, তামাক ও নিকোটিন শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং এটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে এ আসক্তি থেকে দূরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরি।

প্রধান অতিথি ইশতিয়াক আহমেদ তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন থ্রী স্টার অর্গানাইজেশনের পরিচালক ইলিয়াছুর রহমান। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তামাকমুক্ত সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।