
বিশ্বকাপ ফুটবলকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। চার বছর পরপর অনুষ্ঠিত এই মহাযজ্ঞ ঘিরে বিশ্বের কোটি কোটি মানুষের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দেশে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে এলো সুখবর।
২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। এর ফলে বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের ১০৪টি ম্যাচই সরাসরি উপভোগ করতে পারবেন টফির মাধ্যমে।
বুধবার (৩ জুন) বাংলালিংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলালিংকের গ্রাহকরা টফি অ্যাপে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন। তবে এ সুবিধা পেতে নির্দিষ্ট ডাটা প্যাকেজ বা বিশেষ অফার গ্রহণ করতে হবে।
বাংলালিংকের প্রধান করপোরেট ও নিয়ন্ত্রকবিষয়ক কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে উচ্চমানের সম্প্রচার সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির আধুনিক প্রযুক্তি দর্শকদের জন্য নিরবচ্ছিন্ন খেলা দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এর আগে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে বাংলাদেশে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে টেলিভিশন সম্প্রচারের বিষয়েও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ কয়েকটি সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের টেলিভিশন সম্প্রচার স্বত্ব অর্জনের বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই আসর ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা।
আপনার মতামত লিখুন :