খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন 

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা প্রকাশ করেন। পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. খলিলুর রহমানের এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার সফল নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি ড. খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, খলিলুর রহমানের নেতৃত্বে সাধারণ পরিষদ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর ভূমিকা পালন করবে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপ আরও জোরদার হবে।

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ড. খলিলুর রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব এ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি এ অর্জনকে বাংলাদেশের জনগণ এবং সমগ্র অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে বিজয়ী হন ড. খলিলুর রহমান। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯টি ভোট লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট।

মাত্র ৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তার এই বিজয়কে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।