
চার বছর আগে ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার হয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির হাতে ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য ফুটবল ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। সেই আবেগঘন মুহূর্তের পর যারা দীর্ঘ সময় ফুটবলের বড় ম্যাচ থেকে দূরে ছিলেন, তাদের অনেকেই এখন ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও খেলাটির দিকে নজর ফেরাচ্ছেন।
এই চার বছরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ঘটেছে বহু নাটকীয় পরিবর্তন—তারকা বদল, কোচিং রদবদল, নতুন কিংবদন্তির উত্থান এবং দীর্ঘদিনের ট্রফি খরা কাটার মতো ঘটনা বিশ্ব ফুটবলকে নতুন রূপ দিয়েছে।
সবচেয়ে আলোচিত পরিবর্তনের একটি ছিল লিওনেল মেসির ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। ২০২৩ সালে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন এবং ক্লাবটিকে প্রথমবারের মতো লিগ কাপ, এমএলএস সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বয়স ৩৬ পেরোলেও তার পারফরম্যান্সে কোনো বড় পতন দেখা যায়নি।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তবে প্রত্যাশিত বড় সাফল্য প্রথম দুই মৌসুমে তার কাছে ধরা দেয়নি, যদিও গোলসংখ্যা ছিল চোখে পড়ার মতো।
এই সময়ের আরেক বড় আলোচনার নাম লামিন ইয়ামাল। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনায় উঠে এসে তিনি দ্রুতই ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকায় পরিণত হন। স্পেন জাতীয় দলকেও ইউরো জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২২ বিশ্বকাপের পর সৌদি আরবের আল নাসরে যোগ দিয়ে ক্যারিয়ার নতুন পথে নেন। দীর্ঘ অপেক্ষার পর তিনি ক্লাবটির হয়ে বড় শিরোপাও জেতেন। অন্যদিকে নেইমারের ক্যারিয়ার ইনজুরিতে অনেকটাই থমকে যায় এবং খেলার ধারাবাহিকতা হারান তিনি।
পুরস্কারের দিক থেকেও এসেছে বড় পরিবর্তন। রড্রি ও ওসমানে ডেম্বেলে ব্যালন ডি’অর জিতে মেসি-রোনালদো যুগের একক আধিপত্য ভেঙে দেন। ইংল্যান্ডের হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে গিয়ে দীর্ঘ শিরোপা খরা কাটান, আর ম্যানচেস্টার সিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল অর্জন করে।
জাতীয় দল পর্যায়েও এসেছে পরিবর্তন। ইংল্যান্ডের নারী দল ইউরোপে সাফল্য ধরে রাখলেও পুরুষ দল এখনও বড় শিরোপার অপেক্ষায়। একই সময়ে বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ অনেক দলই নতুন কোচ নিয়োগ দিয়েছে। ফুটবলের এই চার বছর যেন পুরোনো তারকাদের বিদায় আর নতুন যুগের উত্থানের এক সংযোগকাল। এখন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্ব আবারও নতুন ইতিহাসের অপেক্ষায়।
আপনার মতামত লিখুন :