উড়ে এসে প্যান্টে বসল রানি মৌমাছি, যা ঘটলো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
উড়ে এসে প্যান্টে বসল রানি মৌমাছি, যা ঘটলো

গাছের ডাল, বাড়ির কার্নিশ কিংবা পরিত্যক্ত স্থানে মৌমাছির চাক দেখা সাধারণ ঘটনা। তবে কোনো মানুষের পোশাকের ওপর রানি মৌমাছি বসে যাওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার মৌমাছির ঝাঁক জড়ো হওয়ার ঘটনা খুবই বিরল। সম্প্রতি এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছেন এক তরুণ।

প্রতিবেদন অনুযায়ী, গ্যারেজের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি রানি মৌমাছি উড়ে এসে ওই তরুণের প্যান্টের পেছনের অংশে বসে। প্রথমে বিষয়টি তিনি বুঝতে না পারলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নাটকীয় রূপ নেয়। রানি মৌমাছির উপস্থিতি টের পেয়ে অসংখ্য কর্মী মৌমাছি তাকে ঘিরে জড়ো হতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই তার পোশাকের একটি অংশ মৌমাছির বিশাল ঝাঁকে ঢেকে যায়।

অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে আতঙ্কিত হলেও তরুণটি ধৈর্য হারাননি। তিনি বুঝতে পারেন, সামান্য নড়াচড়াও মৌমাছিগুলোকে উত্তেজিত করে তুলতে পারে। তাই সম্ভাব্য বিপদ এড়াতে তিনি সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নেন।

প্রায় ৩০ মিনিট ধরে তিনি কোনো ধরনের নড়াচড়া ছাড়াই একই অবস্থানে দাঁড়িয়ে থাকেন। আশ্চর্যের বিষয় হলো, এত বিপুল সংখ্যক মৌমাছি তাকে ঘিরে থাকলেও একটিও হুল ফোটায়নি। তার ধৈর্য ও সতর্ক আচরণের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে বলে ধারণা করা হচ্ছে। পরে অন্য একজন ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে রানি মৌমাছিটিকে একটি পাত্রে স্থানান্তর করেন। রানি মৌমাছি সরে যাওয়ার পরপরই কর্মী মৌমাছিরাও ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে দীর্ঘ সময়ের উদ্বেগ ও উত্তেজনার পর স্বস্তি ফিরে পান ওই তরুণ।

ঘটনাটি ‘মিডিসারাসু’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা হলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজারো ব্যবহারকারী ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং তরুণের ধৈর্যের প্রশংসা করেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “আপনার নিতম্বে রানি মৌমাছি বসার পরও ৩০ মিনিট স্থির থাকার মানসিক শক্তি সত্যিই অসাধারণ।” আরেকজন লিখেছেন, “একটু নড়াচড়া করলেই পরিস্থিতি ভয়াবহ হতে পারত।”

অস্বাভাবিক এই ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়নি, বরং রানি মৌমাছিকে কেন্দ্র করে কর্মী মৌমাছিদের আচরণ ও তাদের আনুগত্য সম্পর্কেও মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে।