আশাশুনি সদর বাজারের স্থায়ী উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
আশাশুনি সদর বাজারের স্থায়ী উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি সদর বাজারের স্থায়ী উন্নয়ন ও আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে বাজারের কেন্দ্রস্থল বটতলায় আয়োজিত এ সভায় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, বাজার কমিটির সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, সহ-সভাপতি বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ব্র্যাক আশাশুনি উপজেলা শাখার প্রতিনিধি শহিদুল ইসলাম, বারসিক উপজেলা সমন্বয়কারী আসাদুজ্জামান আসাদ, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, দীর্ঘদিন ধরে আশাশুনি সদর বাজার অবকাঠামোগত উন্নয়নের অভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারটি বর্তমানে জেলা পরিষদের জায়গায় স্থানান্তরিত হওয়ায় এর পরিকল্পিত উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, বাজার কমিটির আবেদন এবং জেলা প্রশাসকের পরামর্শের ভিত্তিতে বাজার উন্নয়নের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহে বাজারের মাপজরিপ সম্পন্ন করে একটি স্কেচ ম্যাপ প্রস্তুত করা হবে। এরপর কাঁচাবাজার, মাছ বাজার ও মাংস বাজারের জন্য পৃথক ছাউনি (শেড) নির্মাণ, আধুনিক ওয়াশ ব্লক স্থাপন, ভূমি ভরাট এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও আরও জানান, ব্র্যাক তাদের চলমান প্রকল্পের আওতায় বাজার উন্নয়নে নারী-বান্ধব সুযোগ-সুবিধা ও আধুনিক কিছু কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। সভায় উপস্থিত বক্তারা আশাশুনি সদর বাজারকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব বাজারে রূপান্তরের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শেষে ইউএনও বাজার উন্নয়ন কার্যক্রম সফল করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।