
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টায় সরাইল উপজেলা কমপ্লেক্স মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শাহবাজপুর এলাকায় এক মানববন্ধনে ইসলামিক বিষয় নিয়ে কিছু মন্তব্য করেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে।
বক্তাদের দাবি, তিনি বক্তব্যে বলেন—“এখানে কোনো সিনেমা হল নেই, কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। আযানের ধ্বনি যেমন শোনা যায়, তেমনি তবলার শব্দও শোনা যেত”—এই বক্তব্যকে কেন্দ্র করেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা এমপির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে দায়িত্বশীল বক্তব্য দেওয়াই জনপ্রতিনিধিদের উচিত।
আপনার মতামত লিখুন :