প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা-এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা অংশ নেন।

সভায় মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সব প্রকল্প বাস্তবায়নে শতভাগ মান নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে হবে। একই সঙ্গে সরকারি বরাদ্দের অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতির চিত্রও তুলে ধরেন।