নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০


নবীনগর প্রতিনিধি, আবদুল হাদি প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে টিয়ারা বাজার এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু মিয়া ও হোসেন মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের ধারাবাহিকতায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার রাতে বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনা ঘটে, যা পরদিন সকালে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় টিয়ারা বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

হোসেন গ্রুপের আহমেদ হোসেন অভিযোগ করেন, শিশু মিয়া গ্রুপের লোকজন প্রথমে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং পরে বাজারের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শিশু মিয়া গ্রুপের নেতা প্রবাসী আতিকুর রহমান বলেন, হোসেন গ্রুপই প্রথম হামলা চালিয়েছে। তাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।