তিন তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু নেইমার-ভিনিদের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
তিন তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু নেইমার-ভিনিদের

আর মাত্র ৯ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগেই নিজেদের ক্যাম্পে যোগ দিতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ব্রাজিল জাতীয় দল। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি বিশ্বকাপ স্কোয়াডের বিমানযাত্রার একটি ছবি পোস্ট করেন।

ছবিতে ব্রাজিল দলের খেলোয়াড়দের সঙ্গে বিমানে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে নেইমার লিখেছেন মাত্র দুই শব্দ—“সবাই মিলে।” পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে সংরক্ষিত বিশ্বকাপ ট্রফির একটি ছবিও পোস্টে যুক্ত করেন তিনি। আরেক তারকা রাফিনিয়া একই ধরনের ক্যাপশন দিয়ে স্কোয়াডের যাত্রার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, কার্লো আনচেলত্তি-এর শিষ্যরা রিও ডি জেনিরোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, সোমবার রাতে (স্থানীয় সময়) দলটি নিউজার্সির উদ্দেশে যাত্রা শুরু করে। তবে স্কোয়াডে থাকা ২৩ জন খেলোয়াড়ের মধ্যে তিনজন এখনো দলের সঙ্গে যোগ দেননি। কারণ হিসেবে জানানো হয়েছে, গত ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ক্লাবগুলোর খেলোয়াড়দের পরবর্তী সময়ে জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে শিরোপাজয়ী মারকিনিয়োস এবং রানারআপ আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস এখনো দলের সঙ্গে যোগ দেননি।

এদিকে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার সর্বশেষ প্রীতি ম্যাচে অংশ নিতে পারেননি। গত রোববার মারাকানায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৬-২ গোলে পানামাকে হারালেও গ্যালারিতে তার নাম ধরে স্লোগান দেন সমর্থকরা। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে এখন উৎসবের আমেজ, আর সমর্থকদের চোখ আবারও শিরোপার স্বপ্নে।