
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থীছিলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শফিউল আলম প্রকাশ শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল প্রায় ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং মনিরুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিউল আলম সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটিকে শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :