রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, “অভিযুক্ত এজেন্সিগুলো ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষ ই-মেইল সেবা চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে লিখিত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, অভিযোগ নিষ্পত্তি ও দ্রুত পদক্ষেপ নিতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা আজ থেকেই কার্যক্রম শুরু করবে। মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট গঠনের সুযোগ নেই এবং তার দায়িত্বকালীন সময়ে কোনো সিন্ডিকেট তৈরি হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রবাসী শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এখন অগ্রাধিকার।