মোদিকে হটাতে রাজপথে নামছে ভাইরাল জেন-জি সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
মোদিকে হটাতে রাজপথে নামছে ভাইরাল জেন-জি সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা জেন-জি ও তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ এবার রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। সংগঠনটির লক্ষ্য দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা এবং সরকারের নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, তিনি নিজে ভারতে ফিরে গিয়ে দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেবেন। তার দাবি, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই আন্দোলন।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। জানা গেছে, ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ২ কোটির বেশি ছাড়িয়েছে। মূলত ৩০ বছরের কম বয়সী তরুণদের মধ্যে বেকারত্ব, মূল্যস্ফীতি এবং শিক্ষা খাতে অনিয়ম নিয়ে ক্ষোভ থেকেই এই আন্দোলনের উত্থান।

বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়নে অনিয়মের অভিযোগে সম্প্রতি হাজারো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়। প্রায় ৮ লাখ শিক্ষার্থী অনলাইনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাক্ষর করেছে বলে দাবি করা হচ্ছে।

প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “আমরা আর ভয়ের মধ্যে থাকতে চাই না, এখন জবাবদিহির সময় এসেছে।” তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভারতে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। অন্যদিকে ভারত সরকার ইতোমধ্যেই সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করেছে বলে জানা গেছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, সংগঠনটির অনলাইন কার্যক্রমে হ্যাকার হামলার চেষ্টা হয়েছে।

ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা সংগঠনটিকে বিদেশি প্রভাবিত বলে মন্তব্য করেছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। বিশ্লেষকদের মতে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতের তরুণ সমাজের বেকারত্ব, মূল্যস্ফীতি এবং শিক্ষা খাতের অনিয়ম নিয়ে গভীর অসন্তোষের প্রতিফলন হয়ে উঠছে, যা ভবিষ্যতে বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।