
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকার বাজারকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিক কবির।
সোমবার (২ জুন) সকাল ১১টার দিকে মুকসুদপুর সদর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে কসাইখানা নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসন জানায়, পৌর এলাকার পরিবেশগত মান উন্নয়ন এবং নিরাপদ উপায়ে পশু জবাই নিশ্চিত করতে একটি আধুনিক কসাইখানা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।
পরিদর্শনের সময় ইউএনও বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দ্রুত সেগুলো মুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক আবুল বাশার টুটুল বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা মনে করেন, আধুনিক কসাইখানা নির্মাণ এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে মুকসুদপুর বাজার আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব পরিবেশে পরিণত হবে।
আপনার মতামত লিখুন :