
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় কয়েকজন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থান ও নজরদারির কারণে বড় ধরনের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার জিরো লাইনের কাছে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবির দায়িত্বাধীন ১৯/৬ এস সীমান্ত এলাকায় ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যরা রাতের আঁধারে সীমান্তের আলোকসজ্জা বন্ধ রেখে প্রায় ১০০ থেকে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। তবে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় সেই প্রচেষ্টা সফল হয়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফ রাতের অন্ধকারে সীমান্তের লাইট বন্ধ রেখে বড় সংখ্যক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রস্তুতির কারণে তারা সফল হতে পারেনি।
তিনি আরও জানান, বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থানরত ১০ থেকে ১২ জন ব্যক্তির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি অব্যাহত রাখা হয়েছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :