
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে জাতীয় দলের সাবেক ফুটবলার ও শ্যামনগরের কৃতি সন্তান শেখ আলমগীর কবীর রানার অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন আয়োজনের পূর্ব পর্যন্ত এই এডহক কমিটি দায়িত্ব পালন করবে। বাফুফের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে হবে।
ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জাতীয় দলে খেলার কৃতিত্বের কারণে আলমগীর কবীর রানার অন্তর্ভুক্তি স্থানীয় ক্রীড়ামহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জেলার ক্রীড়ানুরাগীরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সাতক্ষীরার ফুটবলকে নতুন গতি দিতে সহায়ক হবে।
শ্যামনগরের এই কৃতি ফুটবলার দীর্ঘদিন ধরে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এবার প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ায় তরুণ ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দ্বার উন্মোচিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
বাফুফের নির্দেশনায় এডহক কমিটি জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট আয়োজন, জাতীয় ও ফেডারেশনভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সার্বিক কার্যক্রম বাফুফের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করবে। উল্লেখ্য, এ সংক্রান্ত চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :