দেশের বাজারে কমেছে সোনার দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
দেশের বাজারে কমেছে সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে টানা মূল্যবৃদ্ধির পর ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।

এর আগে গত ২৫ মে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বৃদ্ধি পেয়েছে এবং ৩৩ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে পিওর গোল্ডের সরবরাহ ও চাহিদার পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে সোনার দাম ঘন ঘন সমন্বয় করা হচ্ছে।