
সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান ও মিছিলের চেষ্টা করার অভিযোগে সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে তারা মিছিল করার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে সাতজনকে আটক করেন। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় কিংবা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, জানাজা শেষে কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সাতজনকে আটক করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তোফায়েল আহমেদ ছিলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং মহান মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার মন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন স্থানে তাঁর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :