জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে UNICEF Bangladesh-এর একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সন্তানদের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়ে সমাজে এখনো প্রয়োজনীয় সচেতনতার ঘাটতি রয়েছে। তিনি সংসদীয় ককাস গঠনের আগ থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি আরও বলেন, যেসব সংসদ সদস্য শিশু অধিকার ও শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে নিয়মিত বক্তব্য রাখেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে এ বিষয়ে আরও ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে। এর মাধ্যমে শিশুদের কল্যাণে কার্যকর নীতি প্রণয়নের পথ আরও সুগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া বলেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করতে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগের মাধ্যমে শিশুরা সরাসরি দেশের নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়।
তিনি বলেন, শুধু শিশুদের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না, বরং সেই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতাও সমানভাবে জরুরি। শিশুদের কল্যাণে গৃহীত কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম এবং কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :