কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি-এর ৭০ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের পর সোমবার (১ জুন) বিকেলে প্রশাসন এ উদ্যোগ নেয়।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে সোনালি রঙের এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। এতে বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের ভঙ্গিতে মেসিকে উপস্থাপন করা হয়। উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে নিজেই এই ভাস্কর্যটির উদ্বোধন করেন মেসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার হাইড্রোলিক ক্রেন ও দড়ির সাহায্যে ভাস্কর্যটি ধীরে ধীরে খুলে ফেলা হয়। পরে সেটি একটি খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় এক আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানান, ভাস্কর্যটির উচ্চতা ও অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, শক্ত বাতাসে এটি বিপজ্জনকভাবে দুলছিল। এসব কারণেই প্রশাসন এটিকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

ভাস্কর্যটি আপাতত সরকারি গুদামে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। পরে উপযুক্ত কোনো স্থানে পুনঃস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এই অপসারণকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কিছু মহলের দাবি, এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় স্থাপন করা হয়েছিল বলে জানা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নীতিশ প্রামাণিক ভাস্কর্যটি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। তার বক্তব্যের পরপরই এটি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটল।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ঘটনাটি নিয়ে কলকাতাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে ফুটবলপ্রেমীদের একাংশ মনে করছেন, এমন একটি ভাস্কর্য সরিয়ে নেওয়া নিঃসন্দেহে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে।