
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর এবারের আসরে দল পেয়েছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার।
ড্রাফটে নিবন্ধন করা ৪৮ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে আরও তিনজন বাংলাদেশি ক্রিকেটার দল পান—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন দাস।
সব মিলিয়ে এবারের এলপিএলে মোট পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। অন্যদিকে পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে কলম্বো ক্যাপিটালস।
এলপিএলের আরেক দুই দল ডাম্বুলা সিক্সার্স এবং ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি।
আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের এলপিএল, ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট। তবে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচির কারণে তাসকিন, লিটন, মিরাজ ও হাসান শুরুতে কিছু ম্যাচ মিস করতে পারেন।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিতির কারণে শুরু থেকেই জাফনা কিংসের হয়ে খেলতে পারবেন সাকিব আল হাসান।
আপনার মতামত লিখুন :