এবার বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
এবার বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার পুনর্নির্ধারণের সিদ্ধান্ত বুধবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ লক্ষ্যে বিকেল ৩টায় কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিইআরসির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনের কাছে জমা দেয়। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে। তাদের প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিটে ১ টাকা ২৫ পয়সা মূল্য বৃদ্ধির সুপারিশ করেছে। কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতও বিবেচনায় নিয়েছে বলে জানা গেছে।

এখন বিদ্যুতের গ্রাহক, ব্যবসায়ী ও শিল্প খাতের সংশ্লিষ্টরা কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে আছেন। কারণ নতুন মূল্যহার কার্যকর হলে তা আবাসিক গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলের পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক খাতের উৎপাদন ব্যয়েও প্রভাব ফেলতে পারে।

বুধবার বিকেলে বিইআরসির ঘোষণার মধ্য দিয়ে বিদ্যুতের নতুন মূল্যহার এবং তা কার্যকরের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।