ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৬


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৬

ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এই আকস্মিক হামলায় অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এ তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ।

হামলার আগে মস্কো সতর্ক করে জানিয়েছিল, নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। একই সময় সম্ভাব্য হামলার শঙ্কা প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। হামলার পর রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা যায়। আবাসিক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েন। শহরজুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন পরিস্থিতিতে আতঙ্কিত বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দার হানঝা টেলিগ্রামে জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দেনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, শহরের প্রায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দেনিপ্রোতে নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও ছিলেন। কর্তৃপক্ষের ধারণা, এটি ছিল ‘ডাবল ট্যাপ’ ধরনের হামলা, যেখানে প্রথম হামলার পর উদ্ধার কার্যক্রম চলাকালে আবারও আঘাত হানা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাতভর দেশজুড়ে রাশিয়া ৬৫০টিরও বেশি ড্রোন এবং ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি জানান, দেনিপ্রোর একটি চারতলা আবাসিক ভবন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে উদ্ধার অভিযান চলছে। তিনি আরও বলেন, এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে, ইউক্রেন যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পুরোপুরি সুরক্ষিত না থাকে, তবে এমন হামলা চলতেই থাকবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে অন্তত পাঁচজন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। শহরের একাধিক আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। অনেকে সঙ্গে করে প্রয়োজনীয় জিনিসপত্র ও শয্যা নিয়ে আসেন। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।