সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে আগামী সকাল ৯টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তাটি রাত ৯টা থেকে পরদিন (১ জুন) সকাল ৯টা পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য।

পূর্বাভাস অনুযায়ী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।