ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানী পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনই সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে তদন্ত ও প্রক্রিয়া চলাকালে তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

ঈদুল আজহার পরদিন গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পূর্বঘোষণা ছাড়াই প্রায় চার ঘণ্টাব্যাপী এ পরিদর্শনে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পুরোনো আবর্জনাও সড়কে পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তার নির্দেশে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।