চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

চলতি বছরের পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন।

বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টাল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

সর্বশেষ রোববার (৩১ মে) দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন মো. আবদুল মজিদ, যার বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় মারা যান। অপরজন মো. শাহজাহান আলী, ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে মক্কায়।

এদিকে, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। গত রোববার পর্যন্ত মোট ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

২০২৬ সালের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে যান। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনে অংশ নেন।