মিরপুরে দুই বাসের সংঘর্ষে প্রা’ণ’ গেল এক যাত্রীর


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
মিরপুরে দুই বাসের সংঘর্ষে প্রা’ণ’ গেল এক যাত্রীর

কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্য বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জিয়া বলে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মী ছিলেন এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত সেনাসদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত জিয়ার পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

আহত সেনাসদস্যরা জানান, তারা সেনাবাহিনীতে প্রশিক্ষণরত রয়েছেন। ঈদুল আজহার ছুটি শেষে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। বাসটিতে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। সংঘর্ষে তাদের অধিকাংশই কমবেশি আহত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সেনাসদস্যদের অন্তত ১০ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।