
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করতে যাচ্ছে জাতিসংঘ। শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান ও সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হচ্ছে।
আগামী ৫ জুন ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে পদকগুলো তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব António Guterres।
চলতি বছর বিশ্বব্যাপী কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’-এ ভূষিত করা হচ্ছে। এদের মধ্যে ৫৯ জন গত বছর বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত হন। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের ছয় বীর সদস্য।
সম্মাননা পেতে যাওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।
তারা সবাই United Nations Interim Security Force for Abyei-এর অধীনে আব্বেই অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সেখানে সংঘটিত এক আকস্মিক ড্রোন হামলায় তারা নিহত হন।
বাংলাদেশের এই ছয় বীর শান্তিরক্ষীর আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরবকে আরও উজ্জ্বল করেছে। জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মাননা তাদের অসামান্য সাহস, নিষ্ঠা এবং মানবতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :