
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধ গ্রামবাসীর যৌথ উদ্যোগে সমাধান করা হয়েছে। যদিও দফায় দফায় শালিশি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, বিবাদী পক্ষ উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত গ্রামের শান্তি বজায় রাখতে অন্যান্য গ্রামবাসীরা একত্রিত হয়ে সীমানা নির্ধারণ ও বিরোধপূর্ণ জমির ফয়সালা সম্পন্ন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওয়ালিউল হক বিলু মাস্টারের পুত্র আইনুল হক বিদ্যুতের সঙ্গে তার চাচার কন্যা মুনমুন বেগমের মধ্যে ৮৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি ১৯৯৩ সালে ক্রয় করা হলেও দলিল সম্পন্ন না হওয়ায় এবং জমির কিছু অংশ অন্য পক্ষও ভোগদখল করায় বিরোধ দীর্ঘদিন স্থায়ী হয়।
শেষ পর্যন্ত গ্রামের শান্তি রক্ষা এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিরা রোববার শালিশি বৈঠকের আয়োজন করেন। তবে বিবাদী পক্ষ রহস্যজনকভাবে উপস্থিত হননি। উপস্থিত গ্রামবাসী ও প্রবীণ ব্যক্তিরা সিদ্ধান্ত নেন যে, গ্রামের শান্তি নষ্ট হতে দেওয়া যাবে না।
শালিশে পূর্বের জমির দলিলপত্র, খতিয়ান ও সরকারি নকশা যাচাই করা হয় এবং একজন নিরপেক্ষ ভূমি জরিপকারীর উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করা হয়। এর মধ্যেই ওয়ালিউল হক বিলু মাস্টারের পক্ষ স্বেচ্ছায় জমি গ্রহণ না করার ঘোষণা দেন এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে তারা কোনো ধরনের দাবি করবেন না।
গ্রামের প্রবীণ শাহজাহান আলী মাস্টার বলেন, “আমরা বারবার দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করার চেষ্টা করেছি। তবে এক পক্ষ বৈঠক এড়িয়ে যাচ্ছিল। তাই গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ন্যায়বিচার নিশ্চিত করতে সীমানা নির্ধারণ করা হলো।”
শালিশ শেষে গ্রামবাসীরা বিবাদী পক্ষের বাড়ির সামনে গিয়ে তাদের সিদ্ধান্ত জানান। এ সম্মিলিত উদ্যোগে এলাকায় শান্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ এই সমাধানকে স্বাগত জানিয়েছেন এবং গ্রামবাসীর ঐক্যবদ্ধ ভূমিকাকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রাজা মণ্ডল, কাগইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মণ্ডল, লাহিড়ীপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মাফতুন আহমেদ, কাগইল ইউপি সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বগুড়া জজকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, সমাজসেবক ইউপি সদস্য আনছার আলী ভোলা, ডাঃ আহসান হাবী রুবেল ও আনিছার রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :