
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাদারীপুরে বিআরটিএ’র উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়ানো এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালকদের নিয়মিত ব্রিফিং দেওয়া হচ্ছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনালে সার্বক্ষণিক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন এবং যাত্রী হয়রানি রোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। একই সঙ্গে ভাড়ার তালিকা প্রদর্শন ও লিফলেট বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মিল্লাত হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর রেজানুর রহমান, বিআরটিএ মাদারীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআরটিএ জানিয়েছে, ঈদযাত্রায় যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :