প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন

আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে জানানো হয়েছে, দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন বালক ও বালিকা মিলিয়ে মোট ১৬টি দল জাতীয় পর্যায়ের এই আসরে অংশ নেবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে আগামী ৩ জুন মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেলোয়াড় ও কর্মকর্তাদের আবাসন, আপ্যায়ন, চিকিৎসাসেবা, অনুশীলন এবং যাতায়াত ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বালিকা বিভাগে সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে। একইভাবে বালক বিভাগেও দেশের আট বিভাগের সেরা দলগুলো জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।